জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর ছবি, ভিডিও এবং এআই প্রযুক্তিতে কণ্ঠ হুবহু নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা চালাচ্ছে একটি চক্র। এসব ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১৯ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই অভিযোগ ও সতর্কবার্তা দেন।
পোস্টে তিনি লিখেছেন,সম্প্রতি কিছু কুচক্রী প্রতারক মহল সোশ্যাল মিডিয়াতে আমার ছবি, ভিডিও এবং এমনকি আমার ভয়েস ক্লোন করে ডিজিটাল মাধ্যমে নানা ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ভুয়া প্রোডাক্ট প্রমোশন,চিকিৎসা সেবা,বিশেষ করে ওষুধি পণ্যের অবৈজ্ঞানিক,বিভ্রান্তিকর ও বিব্রতকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
‘এসব কন্টেন্ট দেখে,এআই সম্পর্কে ওয়াকিবহাল নন এমন অনেক শুভাকাঙ্ক্ষী ভাই-বোনেরা আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন। অনেকের মনে আমাদের ব্যাপারে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। যা আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’