ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। ত্রুটির কারণে একই আসনে আরও তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
অন্যদিকে, যশোর-১ আসনে দলীয় মনোনয়ন না থাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসারের কার্যালয়।
যশোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন, স্বতন্ত্র প্রার্থী হাসান জহির এবং শাহজাহানন গোলদারের প্রার্থিতা পেন্ডিং রাখা হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) যশোর জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় এই তথ্য জানা গেছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আশেক হাসান জানিয়েছেন, ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় ব্যাংক ক্লিয়ারেন্স না থাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রিটার্নিং অফিস জানিয়েছে, মোসলেহ উদ্দিন ফরিদের সিআইবি রিপোর্টে ২০ বছর আগের একটি ক্রেডিট কার্ডে বকেয়া দেখানো হয়েছে। যদিও তিনি বকেয়া পরিশোধের প্রমাণপত্র দাখিল করেছেন, তবে তা যথাসময়ে পরিশোধ না করায় এই বিপত্তি ঘটেছে।
জেলা প্রশাসক জানিয়েছেন, মোসলেহ উদ্দিন ফরিদ এই বিষয়ে নির্বাচনী আপিল আদালতে আবেদনের সুযোগ পাবেন। বকেয়া ঋণ পরিশোধ সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস রিটার্নিং অফিসে জমা দিলে তা ফের যাচাই করা হবে। এক্ষেত্রে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইসহকের দলীয় মনোনয়ন না থাকায় তার প্রার্থিতা বাতিল হয়েছে।