ল্যাম্পপোস্টের আলোয় পাঠদান দিচ্ছে মনোহরদীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার ডাক’। জ্ঞানের আলো ছড়াতে পাঠচক্রের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
শিশুদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে ‘মানবতার ডাক’ নিয়মিত বই বিতরণ করছে। পাশাপাশি শিশুদের জানার আগ্রহ থেকে উঠে আসা বিভিন্ন শিক্ষামূলক বিষয় নিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। মাসে একাধিকবার এ ধরনের পাঠচক্রের আয়োজন করা হয়, যেখানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে পড়াশোনার প্রতি উৎসাহ সৃষ্টি করা হচ্ছে।
শুধু শিক্ষা কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, মানবিক সহায়তায়ও সক্রিয় ‘মানবতার ডাক’। ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ, শীত মৌসুমে শীতবস্ত্র প্রদান এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
স্থানীয়দের মতে, সীমিত সামর্থ্য নিয়েও শিক্ষা ও মানবতার সেবায় এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক পরিবর্তন আনছে। সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়িয়ে আলোকিত ভবিষ্যৎ গড়তে কাজ করে যাচ্ছে ‘মানবতার ডাক’।